গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গী মোড় এলাকা থেকে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাবেদ হোসেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা, থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম হোসেন।
তিনি জানান, টুঙ্গিপাড়া থানার মামলা নং-২/২৬, তারিখ ৩ জুন ২০২৬-এর একটি মারামারির মামলায় জাহাঙ্গীর হোসেন শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কুশলী এলাকায় পূর্ব বিরোধের জেরে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় মাহফুজুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই মোসলেম হোসেন।
শুক্রবার (১২ জুন) দুপুরে জাহাঙ্গীর হোসেন শেখকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন শেখ একটি মারামারির মামলার ৬ নম্বর এজাহারনামীয় আসামি। মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’
মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।