জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের উদ্যোগে সিভিল সার্জনের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার লাবিবুজ্জামান মুস্তাবীন, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক জুলেখা খানম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শিমু সাহা এবং জেলার সাবেক ইপিআই সুপারিনটেনডেন্ট সোলায়মান হোসেন। বক্তারা ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরে ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
সভায় জানানো হয়, চলতি বছর জেলায় মোট ৫ লাখ ২৪ হাজার ১৮৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৫৩২ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১ বছর থেকে ৫ বছর বয়সী ৪ লাখ ৬৫ হাজার ৬৫৬ জন শিশুকে একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এই বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলাজুড়ে ৩ হাজার ২০টি টিকাদান কেন্দ্র খোলা হয়েছে। মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি ও বাস্তবায়নের জন্য ৫১৪ জন স্বাস্থ্য সহকারী ও টিকাদান কর্মী নিয়োজিত থাকবেন। আগামী রবিবার নির্ধারিত ইপিআই কেন্দ্রসমূহে একযোগে এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে ক্যাম্পেইনের প্রচার-প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।