টঙ্গীর এরশাদ নগরে শহিদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় টঙ্গীর মজিদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনের দুটি ম্যাচই গোলশূন্য (০–০) ড্র হয়।
দিনের প্রথম ম্যাচে ট্রাস্ট একাদশ ও বাইগার টেক এফসি মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে উভয় দলই একাধিক আক্রমণ চালালেও কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচটি ০–০ গোলে ড্র হয়।
দ্বিতীয় ম্যাচে খেলা ঘর একাদশ ও জেসিডি (JCD) একাদশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। এই ম্যাচেও দুই দল একাধিক গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত কেউই জালের দেখা পায়নি। ফলে এটিও গোলশূন্য ড্র হিসেবে শেষ হয়।
দ্বিতীয় দিনের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. মিরাজ মিয়া। তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন।
তিনি বলেন, খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। ভবিষ্যতেও এমন উদ্যোগের পাশে থাকব।
এ সময় উপস্থিত ছিলেন ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠা সহ-সভাপতি সাজাহান মিয়া, ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রশিদ আহমেদ পরশ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফয়সাল শেখ, যুবদল নেতা ফজলু হোসেন এবং রতন মিয়া।
আয়োজকেরা জানান, টুর্নামেন্টে বিভিন্ন দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক পরিবেশে খেলা চলবে এবং শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হবে।