টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাঁদানে গ্যাস ও লাঠিপেটা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের টঙ্গীতে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি শ্রমিকদের লাঠিপেটা করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এদিকে, শ্রমিক অসন্তোষের কারণে টঙ্গীর অন্তত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলে। শ্রমিকদের বিক্ষোভের একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে দুপুরে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এ পথে চলাচলকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পাশাপাশি লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে- অনন্ত ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মুন লাইট অ্যাপারেলস লিমিটেড, হোপলোন অ্যাপারেলস লিমিটেড, মাসকো, মাসি স্টিচ ও নিপন অ্যাপারেলস লিমিটেডসহ আরও কয়েকটি কারখানা।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। টঙ্গী অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত