কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওরে একটি লাশবাহী নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নৌকায় থাকা যাত্রীদের তিনটি মোবাইল ফোন, নগদ টাকা এবং নৌকার সোলার প্যানেলের ব্যাটারি লুট করে নিয়ে যায় ডাকাতরা।
মঙ্গলবার (৭ জুলাই) রাত প্রায় ১০টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নৌকায় থাকা আবদুল হক জানান, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের বাবু মিয়ার ১৫ দিন বয়সি কন্যাশিশু জন্মের পর অসুস্থ হয়ে পড়ে। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে শিশুটি মারা যায়। পরে স্বজনরা মরদেহ নিয়ে নৌকাযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন।
তিনি বলেন, করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে নৌকা ছাড়ার প্রায় ১৫ মিনিট পর একটি ছোট নৌকায় করে ছয় সদস্যের একটি ডাকাত দল তাদের গতিরোধ করে। তারা ডাকাতদের অনুরোধ করে জানান, নৌকায় একটি শিশুর মরদেহ রয়েছে। কিন্তু ডাকাতরা কোনো কথা না শুনে যাত্রীদের কাছে থাকা তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
নৌকার মাঝি রতন মিয়া জানান, নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় ডাকাতরা নৌকায় উঠে সোলার প্যানেলের ব্যাটারিও খুলে নিয়ে যায়। এ ছাড়া প্রায় চার হাজার টাকা লুট করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে করিমগঞ্জ থানার ওসি মো. সোহেব খান বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নৌ পুলিশের সঙ্গে সমন্বয় করে বিষয়টি খতিয়ে দেখা হবে।
চামড়াঘাট নৌ পুলিশের ইনচার্জ মো. ইস্কান্দার বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।