গাজীপুর মহানগরীর টঙ্গীতে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) মারা গেছেন। ঘটনার দুই দিন পর বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি জোবায়ের হোসেন (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকায় অ্যাডভোকেট আলী আকবরের বাসভবনের সামনে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলায় জড়িয়ে পড়ে।
সংঘর্ষে পাগাড় এলাকার বাসিন্দা ও গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিব গুরুতর আহত হন। একই ঘটনায় আকাশ (২৫) ও ইমরান হাসান অনিক (২৪) নামে আরও দুজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসিবের অবস্থার অবনতি হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে ধানমন্ডির গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান শুরু করে। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ মামলার প্রধান আসামি জোবায়ের হোসেনকে গ্রেপ্তার করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সংঘর্ষের ঘটনায় হত্যা মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।