নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সনমান্দী গ্রামের উপর দিয়ে বয়ে চলা রাস্তার উপরে সংযোগকারী ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন চলাচল করছেন হাজারো মানুষ। যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। সেতুটি পুনঃনির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার সনমান্দী ইউনিয়নের পশ্চিম সনমান্দী সংযোগ খালের উপর ঝুঁকিপূর্ণ সেতুটি দীর্ঘদিন আগে নির্মাণ করা হয়েছিল। এ সেতু দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল। হালকা যানবাহনও চরম ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার সনমান্দী ইউনিয়নের পশ্চিম সনমান্দী খালের উপর পুরাতন জরাজীর্ণ সেতুটিতে যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীদের চলাচল করতে হয় এই ভাঙা সেতু দিয়ে। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
এলাকাবাসী আরও বলেন, জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। সেতুটি পুনঃনির্মাণের দাবি জানান তারা।
পশ্চিম সনমান্দী গ্রামের ফয়সাল আহমেদ বলেন, এ ব্রিজের উপর দিয়েই সনমান্দী ইউনিয়ন সহ আশেপাশের ইউনিয়নের প্রায় চল্লিশ হাজার লোকের যাতায়াত। প্রায় ৩৫ বছরের পুরাতন ও জরাজীর্ণ হওয়ায় অহরহ দুর্ঘটনা ঘটে এখানে।
এ ব্যাপারে সনমান্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম টিক্কা জানান, ব্রিজটি পুনঃনির্মাণের জন্য উপজেলা এলজিইডি অধিদপ্তর বরাবর প্রকল্প দাখিল করা হয়েছে।
উপজেলা (এলজিইডি) সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, প্রকল্প পরিচালকের নিকট প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন হলেই দ্রুত জরাজীর্ণ সেতুর কাজ শুরু করা হবে।