নারায়ণগঞ্জের বন্দরে জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালিবকে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন। তবে রায় ঘোষণার সময় হোসাইন ও তানজিল আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দরের শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোতালিবকে মারধর ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরদিন নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে আটজনের বিরুদ্ধে বন্দর থানায় হত্যা মামলা করেন।
তদন্তের একপর্যায়ে রাজু ও সজীব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তদন্ত শেষে সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নজরুল ইসলাম মাসুম জানান, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য, যুক্তিতর্ক ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই মামলায় নবী নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
রায়ে অসন্তোষ প্রকাশ করে নিহতের স্ত্রী ও মামলার বাদী মাকছুদা বলেন, সাতজন মিলে তাঁর স্বামীকে হত্যা করেছেন। তিনি সব আসামির মৃত্যুদণ্ড দাবি করেন এবং ন্যায়বিচারের জন্য হাইকোর্টে আপিল করার কথা জানান।
খাবারে সিসা মিশিয়ে স্বামী-ছেলে ও ভাতিজাকে হত্যার চেষ্টা
সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে চায় না সরকার: তথ্যমন্ত্রী