গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

গাজীপুর মহানগরীর টঙ্গীতে বাসের চাপায় তুহিন হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে টঙ্গী পূর্ব থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আন্দলবাড়িয়া গ্রামের নূর হকের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, তুহিন হোসেন মোটরসাইকেলযোগে ঢাকা অভিমুখে যাচ্ছিলেন। এ সময় একই দিকে চলাচলরত অনাবিল পরিবহনের একটি বাসকে অতিক্রম করার চেষ্টা করলে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পিছলে পড়ে যায়। এতে তিনি বাসটির চাকায় পিষ্ট হন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত অনাবিল পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।