৩ বছরেও শেষ হয়নি জীবননগর-মহেশপুর সড়ক সংস্কার

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০১:৩৭ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী জীবননগর উপজেলার হাসাদাহ-মহেশপুর সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার হাজারো মানুষ। ঠিকাদার প্রতিষ্ঠানের ধীরগতির কারণে প্রায় তিন বছরেও কাজ শেষ না হওয়ায় প্রতিদিনই দুর্ভোগের পাশাপাশি ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

সরেজমিনে দেখা যায়, সড়কটির সংস্কারাধীন অংশজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে পুরো রাস্তা কাদাপানিতে একাকার হয়ে যায়। ফলে কোথায় গর্ত আর কোথায় রাস্তাÑতা বোঝার উপায় থাকে না। ছোট-বড় যানবাহন চলাচলের সময় কাদাপানি ছিটকে পথচারীদের জামাকাপড় নষ্ট হচ্ছে। পাশাপাশি মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

স্থানীয় শিক্ষক ফরমান আলী বলেন, ‘আমার বাড়ি এই সড়কের পাশে। প্রতিদিন এই রাস্তা দিয়ে জীবননগরে যাতায়াত করি। ঠিকাদার প্রতিষ্ঠান প্রায় তিন বছরেও মাত্র ৩০০ ফুট রাস্তার সংস্কার শেষ করতে পারেনি। এতে এলাকাবাসীসহ দুই উপজেলার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। আমরা দ্রুত কাজ শেষ করার দাবি জানাচ্ছি।’

এই সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী অনিক ইসলাম বলেন,‘বৃষ্টির সময় এই রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্টকর। কাদার কারণে অনেক সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়। দ্রুত কাজ শেষ করা প্রয়োজন।’

কলেজছাত্রী লাবনী খাতুন বলেন,‘প্রতিদিন কলেজে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হয়। বৃষ্টির দিনে কাদাপানিতে পোশাক নষ্ট হয়ে যায়। নিরাপদে চলাচলের জন্য দ্রুত রাস্তার সংস্কার প্রয়োজন।’

স্কুলশিক্ষার্থী শিহাব উদ্দিন বলেন,‘স্কুলে যেতে অনেক কষ্ট হয়। রাস্তা খারাপ থাকায় প্রায়ই পিছলে পড়ে যাওয়ার ভয় থাকে। আমরা দ্রুত ভালো রাস্তা চাই।’

এ বিষয়ে জীবননগর উপজেলা প্রকৌশলী আল আমিন বলেন,‘হাসাদাহ-মহেশপুর সড়কের ৩০০ ফুট অংশের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এই অংশে দুই পাশে ড্রেন নির্মাণ করা হবে। কিন্তু সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত কয়েকটি পাকা দোকান ড্রেন নির্মাণে বাধা হয়ে আছে। দোকান অপসারণের জন্য একাধিকবার আলোচনা হয়েছে। দোকান মালিকরা স্থাপনা সরিয়ে নিলেই দ্রুত রাস্তার সংস্কার ও ড্রেন নির্মাণকাজ শুরু করা হবে।’

MCH/SN
আরও পড়ুন