ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর খানখানাপুর রেলক্রসিংয়ে বাস, মাহেন্দ্রা ও অটোরিকশায় তেলবাহী ট্রেন থেকে বিচ্ছিন্ন কয়েকটি বগির ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অন্তত ৬ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়ার পথে মনোয়ার পাটোয়ারী ও চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক নামের দুইজন মারা যান।
রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, ওই মালবাহী ট্রেনের গার্ডব্রেকসহ ২৬টি বিটিও (বগি) ছিল। চলন্ত অবস্থায় যেকোনো ভাবে ২১ ও ২২ নম্বর মাঝ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ট্রেনটি। তবে কোথায় বিচ্ছিন্ন হয়েছে জানা যায়নি। ট্রেনটি যখন এই রেলক্রসিং পার হয়ে চলে যায় তখন গেটকিপার ট্রেন শেষ ভেবে গেট খুলে দেয়। মহাসড়কেও তখন যানবাহনের চাপ ছিল। হঠাৎ গেটকিপার দেখতে পায় দূর থেকে কিছু একটা আসছে। ওই সময় সে গেট বন্ধ করার চেষ্টা করলেও পারে নাই। ততক্ষণে দুর্ঘটনা ঘটে গেছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত সাপেক্ষ ঘটনার কারণ জানা যাবে।
এদিকে দুর্ঘটনার পর বন্ধ হয় যায় যানবাহন চলাচল। পরে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে স্বাভাবিক যান চলাচল হয়।