রেললাইন থেকে দম্পতির ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার ইজ্জতপুর রেলস্টেশন এলাকার রেল লাইন থেকে এক দম্পতির ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রিনা আক্তার (৩০) ও আল আমিন। রিনা আক্তার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে। তবে আল আমিনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা দুজনই গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, ওই দিন দুপুরের পর থেকে তারা দুজন রেলপথ ধরে হাঁটাহাটি করছিলেন। দীর্ঘ সময় তারা রেলপথে বসে গল্প করে সময় কাটিয়েছেন। পরে ইজ্জতপুর রেল স্টেশনের আউটার সিগন্যালে ট্রেনে কাটা ছিন্নবিচ্ছিন্ন যুবক-যুবতীর মরদেহের খবর পায় স্থানীয়রা। ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে চলাচলকারী কোন এক ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে, তবে কোন ট্রেনের নিচে কাটা পরে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি।

নিহত রিনার স্বজনরা জানান, প্রায় চার বছর আগে পরিবারের অমতে প্রেমের সম্পর্কের পর আল আমিনকে বিয়ে করেন রিনা। পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় তারা শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্বজনদের দাবি, সম্প্রতি রিনা ও আল আমিন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। পারিবারিক কলহের জেরে তারা একসঙ্গে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা। তবে বিষয়টি তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।