কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসের পেছনে গরুবাহী পিকআপের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুও মারা গেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন পিকআপের যাত্রী হানিফ ও আলমগীর। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস চলন্ত অবস্থায় ছিল। এ সময় দ্রুতগতির গরুবাহী পিকআপটি বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপের দুই আরোহী নিহত হন। পিকআপে থাকা একটি গরুও মারা যায়। এ সময় গুরুতর আহত হন আরও একজন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ফাহিম জানান, নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। হাসপাতালে নেওয়ার পর মারা যাওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।