গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আতাউর রহমান (৬০) নামের এক ব্যক্তিকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের এই খবর শুনে মারা গেছেন নিহতের বৃদ্ধা মা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর শিমুলতুলী এলাকায় মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি নির্জন মেঠোপথে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমান উপজেলার নরোত্তমপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আতাউর রহমান। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তার মৃত্যুর খবর আসে।
নিহতের আত্মীয় মোস্তফা আকন জানান, আতাউর রহমানের মৃত্যুর খবর শুনে তার বৃদ্ধার মা মারা গেছেন।
পুলিশ জানায়, শিমুলতলী সড়কের ফাঁকা স্থানে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।
আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।