কারখানার ছাদ থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ফ্লাওয়ার মিলে সাকিবুল হাসান রাব্বি (২০) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার কাঁচপুর বিসিক শিল্পনগরীর দরবার ফ্লাওয়ার মিলের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাকিবুল হাসান রাব্বি খুলনার ফুলতলা থানার আটরা-গিলাতলা এলাকার রানা তরফদারের ছেলে। 

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে আনুমানিক ৬টা ১০ মিনিটের দিকে ফজরের নামাজ শেষে কয়েকজন বহিরাগত ব্যক্তি কারখানার ছাদে গলায় গামছা পেঁচানো অবস্থায় রাব্বিকে ঝুলতে দেখেন। পরে বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানানো হলে তারা শিল্প পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে শিল্প পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কারখানার ছাদ থেকে মরদেহটি নিচে নামান।

এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের এসআই আরিফুল ইসলাম জানায়, মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।