গোপালগঞ্জ শহরে উলপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব অন্তত মোল্লাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) শহরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দুপুরে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার সোহেল মোল্লা ও ওই এলাকার শিবলী। আহত অন্তত মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের বাসিন্দা।
অন্তত মোল্লা বলেন, ওই দিন দুপুরের দিকে নিজ বাড়ি উলপুর থেকে মোটরসাইকেলে করে শহরে আসছিলাম। পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে শিবলী, সোহেল কমিশনারের ভাইসহ কয়েকজন আমার পথরোধ করেন। এরপর তারা দেশীয় অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরে পথচারীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। কয়েকদিন আগে সাবেক কমিশনার সোহেল মোল্লা আমাকে হুমকি দিয়েছিলেন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাসেকুজ্জামান পলাশ বলেন, উলপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব অন্তত মোল্লা বাড়ি থেকে শহরে আসার সময় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সন্ত্রাসীরা তার পথরোধ করে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সোহেল কমিশনার ও শিবলীকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২১ আগস্ট) কাজুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কবির সরদারও নিজ এলাকায় হামলার শিকার হন। এ নিয়ে জেলায় যুবদলের দুই নেতার ওপর হামলার ঘটনা ঘটল।