আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
আজ (২৮ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা এবং নজরদারি জোরদার করা হয়েছে।
বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও তাদের সদস্যরা পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি বদ্ধপরিকর।
মাদরাসায় যাওয়ার কথা বলে নিখোঁজ, উদ্ধার ৩ কিশোরী