পূজা উদযাপন পরিষদের সম্মেলনে সংঘর্ষ, আহত ৩০

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আসবাবপত্র ও চেয়ার ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এর মধ্যে তিন জনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের কারণে পণ্ড হয়ে গেছে সম্মেলন। 

শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। ঢাকা থেকে যাওয়া কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি অব্যাহত ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর স্টেডিয়ামে মহানগর ও জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অ্যাড. সুব্রত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু। প্রধান বক্তা ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, সাংগঠনিক সম্পাদক সাগর হালদারসহ ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করছিলেন রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজ জীবন কুন্ডু।

সম্মেলনে ঢাকা থেকে যাওয়া অতিথিরা আসন গ্রহণ করার পরই একদল লোক অতর্কিত সম্মেলনস্থলে ঢুকে ব্যানার ছিঁড়ে ফেলে। এরপরই তারা চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করে। এ সময় সম্মেলনে থাকা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত কুমারের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। এরপর পূজা উদযাপন পরিষদের জেলা ও মহানগর নেতাদের ওপর হামলা চালিয়ে মারধর করলে কমপক্ষে ৩০ জন আহত হন। এ সময় সম্মেলনস্থলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু দুই পক্ষকে নিবৃত করার চেষ্টা করেন। 

ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে ‘লীগ ধর’ বলে একটি গ্রুপকে স্লোগান দিতে দেখা যায়। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতা সাবেক অবসরপ্রাপ্ত সাব রেজিস্টার রাম জীবন কুন্ডুর পাঞ্জাবি ছিঁড়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তাণ্ডব চলা অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে সম্মেলন পণ্ড হয়ে যায়। ঢাকা থেকে যাওয়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সম্মেলনস্থল ত্যাগ করেন। এ ঘটনার পর পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে রংপুরের সভাপতি রাম জীবন কুন্ডুসহ কয়েকজন নেতা সরাসরি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে যান।

নেতৃবৃন্দ পুলিশ কমিশনার মাহবুব রশীদকে তারা জানান, ঘটনার সময় পুলিশ সেখানে অবস্থান করলেও নীরবে দাঁড়িয়ে ছিল। কোনও পদক্ষেপ নেয়নি। তিনি সম্মেলনে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচার দাবি করেন।

সন্তোষ শর্মা সাংবাদিকদের কাছে বলেন, বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন শীর্ষ নেতাদের নেতৃত্বে পরিকল্পিতভাবে সম্মেলনে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। দেখি উনি কী পদক্ষেপ নেন। আমরা আইনিসহ সব ধরনের ব্যবস্থা নেবো।

রংপুর মহানগর যুবদলের নেতা শ্রী বিপ্লব অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাম জীবন কুন্ডু, প্রশান্ত কুমার রায়, পিপাশ রায়সহ অন্যদের পুনর্বাসন করার জন্য এই সম্মেলন করা হচ্ছে। সে কারণে পূজা উদযাপন পরিষদের বিক্ষুব্ধ নেতা কর্মীরা বাঁধ দিয়ে প্রতিবাদ করেছে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব রশীদ বলেছেন, কমিটি গঠন করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। পরিস্থিতি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। তিনি আরও বলেন, এ বিষয়ে লিখিত কোনও অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

জেএম
আরও পড়ুন