টঙ্গীতে থানা ফটকে ‘জয়বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৫

গাজীপুরের টঙ্গীতে থানা ফটকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) দুপুরে টঙ্গী পূর্ব থানার ফটকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শারমিন সুলতানা (৩৭), জহুরা বেগম (৬০), শাহিদা (৩৭), মাহাদী হাসান (২৯) ও হারুন অর রশিদ (৩৪)।
 
পুলিশের জানায়, প্রতিদিনের মতো গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর কার্যক্রম চলাকালে থানার ফটকের সামনে আওয়ামী লীগের অনুসারী হিসেবে পরিচিত কয়েকজন নারী-পুরুষ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় তাঁরা থানা ফটক ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন।

পরে পুলিশ তাঁদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
 
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।