৮ দিনেও মেলেনি তামিমের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার

কিশোরগঞ্জের তাড়াইলে মো. তামিম (১৪) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার আট দিন পেরিয়ে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি। গত ৭ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে।

তামিম তাড়াইল-সাচাইল ইউনিয়নের সাচাইল গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় সহিলাটী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয় তামিম। এরপর আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। এতে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের।

পরিবার জানিয়েছে, নিখোঁজের সময় তামিমের পরনে ছিল লাল গেঞ্জি ও গাঢ় নীল প্যান্ট। তার উচ্চতা প্রায় সাড়ে ৪ ফুট এবং গায়ের রং শ্যামলা। এ ঘটনায় তাড়াইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৩১৫।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, নিখোঁজ কিশোরের বিষয়ে থানায় জিডি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

তামিমের বাবা জহিরুল ইসলাম বলেন, তার ছেলে সহজ-সরল এবং সাধারণত একা কোথাও যায় না। কেউ তামিমের সন্ধান পেলে পরিবারকে জানানোর অনুরোধ করেন তিনি।

পরিবারের পক্ষ থেকে তামিমের সন্ধানে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। তার সন্ধান পেলে বাবা জহিরুল ইসলামের মোবাইল নম্বর ০১৮৪৫-২০৩৩২৮-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।