টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় রশিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রশিদ মিয়া মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের বাসিন্দা।

রায়ে আদালত উল্লেখ করেন, আসামির কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা সম্ভব না হলে ভবিষ্যতে তিনি যে সম্পদের মালিক হবেন, তা থেকে অর্থ আদায় করে ভুক্তভোগীকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ জন্য টাঙ্গাইলের জেলা প্রশাসককে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে অর্থদণ্ডের সমপরিমাণ অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত আরও জানান, ঘটনার ফলে জন্ম নেওয়া শিশুর বাবা হিসেবে রশিদ মিয়াকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা হয়েছে। শিশুটির ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্র নিয়েছে। শিক্ষা, চিকিৎসা ও ভরণপোষণের জন্য মাসিক ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে ট্রাইব্যুনালকে জানাতে বলা হয়েছে।

টাঙ্গাইলের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, ২০২৪ সালের ১৪ এপ্রিল ১৪ বছর বয়সী এক শিশু তার দাদিকে ডাকতে পুকুরপাড়ে যায়। এ সময় রশিদ মিয়া তাকে তার দাদির কাছে নিয়ে যাওয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের ক্ষতির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরে ভুক্তভোগীর শারীরিক পরিবর্তন দেখা দিলে সে বিষয়টি তার মাকে জানায়। চিকিৎসকের পরীক্ষায় তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানা যায়। ২০২৪ সালের ২২ ডিসেম্বর ভুক্তভোগী একটি কন্যাসন্তানের জন্ম দেয়।

পরে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন। আদালতের নির্দেশে মির্জাপুর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। পরে ডিএনএ পরীক্ষায় শিশুটির বাবা হিসেবে রশিদ মিয়ার পরিচয় নিশ্চিত হয় বলে আদালত সূত্রে জানা গেছে।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী জান্নাতুল ফেরদৌস। আসামিপক্ষে ছিলেন আইনজীবী একেএম শামীমুল আক্তার।

এম.সি.এইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত