টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল সদর উপজেলায় ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দরুণ এলাকার একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত ছোরমান রেজা সদর উপজেলার ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে। তিনি গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। বর্তমানে তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের খালাতো ভাই মাসুদ বলেন, ছোরমান খুব ভালো মানুষ ছিলেন। ইউপি সদস্য থাকার পর তিনি বিদেশে যান। বিদেশ থেকে দেশে ফিরে স্যানিটারি ব্যবসার সঙ্গে যুক্ত হন। বর্তমানে ঠিকাদারি কাজ করছিলেন। তাঁর জানা মতে, ছোরমান কোনো খারাপ কাজ বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। হঠাৎ তাঁর হত্যার খবর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ভাই হালিম রেজা বলেন, ব্যবসার পাশাপাশি ছোরমান একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা কিছুই বুঝতে পারছেন না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে জানা যাবে।