জেলের জালে ১০০ মণ ইলিশ, ২৫ লাখে বিক্রি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশের দেখা না মেলায় চরম হতাশা ও অভাব-অনটনের মধ্যে দিন কাটছিল উপকূলীয় এলাকার জেলেদের। এর মধ্যে গভীর বঙ্গোপসাগরে এক জালে বিপুল পরিমাণ ইলিশ পাওয়ায় বরগুনার পাথরঘাটার জেলেদের মুখে হাসি ফুটেছে। এফবি নাজমা নামের একটি ট্রলারে মাত্র দুই ঘণ্টা জাল ফেলে প্রায় ১০০ মণ ইলিশ ধরা পড়েছে। পরে মাছগুলো পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে প্রায় ২৫ লাখ টাকায় বিক্রি হয়েছে।

ট্রলারটির মাঝি বাপ্পি মিয়া জানান, গত ১৭ সেপ্টেম্বর গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে পাথরঘাটা থেকে তারা যাত্রা করেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাগরে জাল ফেলেন। প্রায় দুই ঘণ্টা পর জাল তুলতে গিয়ে বিপুল পরিমাণ ইলিশ দেখতে পান তারা। মাছের পরিমাণ এত বেশি ছিল যে জাল থেকে ইলিশ ছাড়িয়ে ট্রলারে তুলতে জেলেদের বেশ বেগ পেতে হয়।

পরে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ট্রলারটি পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে এসে পৌঁছায়। সেখানে মাছগুলো নামানোর পর ঘাটজুড়ে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

ট্রলারটির মালিক ও বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান এনামুল হোসাইন জানান, প্রতি মণ ইলিশ গড়ে ২৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। এতে মোট প্রায় ২৫ লাখ টাকা পাওয়া গেছে। তবে ইলিশের আকার তুলনামূলক ছোট হওয়ায় প্রত্যাশিত দাম পাওয়া যায়নি। মাছগুলো বড় আকারের হলে এর বাজারমূল্য ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত হতে পারত বলে তিনি জানান।

দীর্ঘদিন পর একবারে বিপুল পরিমাণ ইলিশ পাওয়ায় জেলেদের মধ্যে স্বস্তি ফিরেছে। ট্রলারের জেলে আলমগীর হোসেন বলেন, গত কয়েক মাস ধরে প্রতিকূল আবহাওয়ার কারণে নিয়মিত সাগরে যেতে পারেননি তারা। এতে সংসারে অভাব-অনটন দেখা দিয়েছিল। এবার এক জালে এত মাছ পাওয়ায় তাদের পরিবারে কিছুটা স্বস্তি ফিরেছে। মাছ বিক্রি শেষে রোববার রাতেই তারা আবার সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

পাথরঘাটা বিএফডিসি ঘাটের সংশ্লিষ্টরা জানান, চলতি মৌসুমে এখন পর্যন্ত এক ট্রলারে একসঙ্গে প্রায় ১০০ মণ ইলিশ পাওয়ার ঘটনা এটিই প্রথম। এতে ঘাটের অন্য জেলে ও ট্রলার মালিকদের মধ্যেও নতুন করে আশার সঞ্চার হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ও পাথরঘাটা বিএফডিসি আড়তদার সমিতির সভাপতি সগীর আলম বলেন, দীর্ঘদিন পর এক জালে বিপুল পরিমাণ ইলিশ পাওয়ার ঘটনা জেলেদের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। এতে লোকসানে থাকা অনেক জেলে ও ট্রলার মালিক নতুন করে সাগরে যাওয়ার উৎসাহ পাচ্ছেন।

এএম
আরও পড়ুন