মানিকগঞ্জের সাটুরিয়ায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মিছিল বের করা, বিস্ফোরণের ঘটনা এবং নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তিল্লি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মনির হোসেন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল আনসারী, তিল্লি ইউনিয়ন যুবলীগের কর্মী মো. রফিক মিয়া, সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহিনুর ইসলাম এবং যুবলীগের সদস্য সরকার কবির উদ্দিন।

সাটুরিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, তিন দিন আগে রাতে সাটুরিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি মিছিল বের করা হয়। পরে সাটুরিয়া ডাকবাংলোর সামনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। মিছিল ও বিস্ফোরণের ভিডিও ধারণ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সাটুরিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে এবং অপর দুজনকে বিস্ফোরক দ্রব্যাদি আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মিছিল বের করা ও বিস্ফোরণের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

এএম
আরও পড়ুন