গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় এক সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে একদল সশস্ত্র দুর্বৃত্তের বিরুদ্ধে। এ ঘটনায় আব্দুল আলিম (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। এসময় তার কাছ থেকে একটি চাইনিছ চাপাতি উদ্ধার করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে এরশাদনগর এলাকায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক ও তার পরিবারের সদস্যরা।
তাদের অভিযোগ, রবু (২৮) ও সাগর (২৫) নামের দুই যুবকের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকের বাড়িতে হামলা চালান।
ভুক্তভোগী সাংবাদিক মো. শফিকুল ইসলাম শিমুল দৈনিক খবর সংযোগের টঙ্গী প্রতিনিধি হিসেবে কর্মরত।
শিমুল ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা চালায়। এ সময় স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে আব্দুল আলিমকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এদিকে সাংবাদিকের বাড়িতে হামলার পর একই ব্যক্তিদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ মিয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। মিরাজ মিয়ার অভিযোগ, প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তাকে আক্রমণের চেষ্টা করা হয়। পরে তার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে গুলি করার চেষ্টা করা হয়।
শিমুল ও মিরাজ মিয়ার ভাষ্য, রোববার রাতে এরশাদনগর ১ নম্বর ব্লকের সমাজকল্যাণ অফিস সংলগ্ন সড়কে রবু, সাগরসহ কয়েকজন প্রকাশ্যে ছিনতাই করছিলেন। এ সময় মিরাজ মিয়াসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা তাদের প্রতিহত করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিরা সোমবার সকালে শিমুলের বাড়িতে হামলা করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে মিরাজ মিয়ার ওপর হামলার চেষ্টা করা হয় বলে তাদের অভিযোগ।
প্রকাশ্যে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনায় এরশাদনগর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।