বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাঁচজন যাত্রী একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে ঠেঙ্গামারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাতের মৃত্যু হয়। অটোরিকশার অপর তিন যাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন বলেন, দুর্ঘটনার পর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। দুর্ঘটনার জন্য দায়ী বাসটি শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেবিদ্বারে মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা