কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে পলিন (৩০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নরপতি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে মাদক সেবনের উপকরণসহ আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এই দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত পলিন বুরুদিয়া ইউনিয়নের নরপতি গ্রামের ফজলু মিয়ার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নরপতি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অধিদপ্তরের একটি দল। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে অভিযানে পলিনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক সেবনের উপকরণ উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদক সেবনের দায়ে পলিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে অভিযান এবং মাদক সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস ভ্রাম্যমাণ আদালতে ওই যুবকের কারাদণ্ড ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।