গাজীপুরে টঙ্গীর এরশাদনগর এলাকায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল নগরের ৪৯ নম্বর ওয়ার্ডের এরশাদনগরের বিভিন্ন মহল্লা, অলিগলি, স্কুল, মাদ্রাসা ও কবরস্থানসহ বিভিন্ন স্থানে এ কার্যক্রম চালানো হয়। সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, এরশাদনগরকে ডেঙ্গুর ‘রেড জোন’ হিসেবে বিবেচনা করে মশক নিধনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর থেকে মশক নিধনের বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
কার্যক্রমের অংশ হিসেবে সকালে মশার লার্ভা ধ্বংসে টেমিফস, বিটিআই ও নোভালিউরন ট্যাবলেট প্রয়োগ করা হচ্ছে। বিকেলে মালাথিয়ন ব্যবহার করে ফগিং করা হচ্ছে। এ কাজে ফগার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা বলেন, সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে লার্ভা ধ্বংস ও ফগিং দুই ধরনের কার্যক্রমই চালানো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার আশা করা হচ্ছে।