তুরাগ নদ থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (১ অক্টোবর) নদে তল্লাশি চালিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়। মারা যাওয়া দুই শিশু হলো- আবু ইউনুস আবিনুর (৯) ও নিরব (১০)। তারা টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তুরাগ নদে মাছ ধরতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় আবিনুর ও নিরব। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে আলোর স্বল্পতা ও নদে তীব্র স্রোতের কারণে সন্ধ্যার পর অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করা হয়। দুপুরে আবিনুরের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা। পরে বিকেল চারটার দিকে রেলওয়ে ব্রিজ থেকে প্রায় ২০০ গজ দূরে জোড়াখাম্বা এলাকা থেকে নিরবের মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল তুরাগ নদ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এর আগে গত ৫ জুলাই তুরাগ নদের একই এলাকায় গোসল করতে নেমে আফনান ও শামীম নামে দুই শিশুর মৃত্যু হয়েছিল।