পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মজলুম সাধারণ মানুষকে স্বস্তি ও শান্তি দেয়া এবং সকলের বাসযোগ্য একটি সমাজ ও রাষ্ট্র গঠনে আমরা এগিয়ে যাচ্ছি৷ মওলানা ভাসানীর কর্মময় জীবন আমাদের অত্যন্ত প্রেরণা হিসেবে কাজ করবে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষ মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহধর্মিনীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই মোড়ক উন্মোচন এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন৷
পাট চাষীরাদের সরাসরি সুধিধা পাওয়ার সম্পর্কে তিনি বলেন, আমরা কৃষকদের সুবিধা দেয়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন প্রদক্ষেপ নিয়েছি৷ কৃষকদের সরাসরি বীজ, সার ও কিটনাশন দিচ্ছি৷ গত ১৭ বছর পাটের ক্রয় সেন্টার বন্ধ। এগুলো আমরা চালু করার চেষ্টা করে যাচ্ছি৷ বাজার মনিটরিং এর ব্যবস্থা নিচ্ছি। যাতে মধ্যস্বত্বভোগীরা দাদন দিয়ে বিভিন্নভাবে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্য কেড়ে নিতে না পারে। পাটের মূল্য এখন সহনীয় পর্যায়ে রয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম শহিদুল ইসলাম প্রমুখ।