কিশোর গ্যাংয়ের হামলায় নিহত কলেজছাত্র জাকারিয়ার খুনিদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে দ্রুতসময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের হুঁসিয়ারি দেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির উপদেষ্টা অ্যাড. আযাদ হোসেন বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মাসুম বিল্লাহ শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিচার বাস্তবায়ন কমিটির যুগ্ন আহবায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাঁড়, আবুল কাসেম, অ্যাড. আকবার হোসেন, অ্যাড. শফিকুল ইসলাম, মশিউর রহমান, কামরুজ্জামান রাসেল, ছাত্রনেতা শেখ আবু রায়হান, মো. নূরুন্নবী ও আল ইমরান ইমু, শ্রমিক নেতা আজিজ বাবু, অজিয়ার রহমান প্রমুখ।
বক্তারা বলেন, জাকারিয়া হত্যার দেড় সপ্তাহ পার হতে চলেছে। কিন্তু আসামী গ্রেপ্তারে পুলিশের তৎপরতা হতাশাজনক। হত্যা মামলার প্রধান আসামী নাহিদকে গ্রেপ্তার করা হলেও সেখানে পুলিশের তেমন কৃতিত্ব নেই। একারণে অন্যান্য আসামীদের অবিলম্বে গ্রেপ্তার করে পুলিশের সক্ষমতা প্রমাণ করতে হবে। না হলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানে কিশোর গ্যাংয়ের সদস্যদের সাথে বাপ্পি হাসান নামে এক যুবকের সঙ্গে বিরোধ বাঁধে। বাপ্পী হাসানকে রক্ষা করতে গিয়ে ছুরিকাহত হন কলেজছাত্র জাকারিয়া। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাতি সংরক্ষণে পর্যটন উন্নয়নের উদ্যোগ নিচ্ছে সরকার: বনমন্ত্রী
সারের ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন