শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে ৯ মাসের অন্তঃসত্ত্বা সীমা রানী দাসকে (৩৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। ঘটনার পর স্বামী উদ্ভব চন্দ্র দাস নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সীমা রানী দাস দিনাজপুর এলাকার বাসিন্দা। উদ্ভব চন্দ্র দাস বড়চালা গ্রামের নুকোল চন্দ্র দাসের ছেলে। সে মাদকাসক্ত ছিলো এবং কোনো কাজকর্ম করতো না বলে পুলিশ জানিয়েছে।

উদ্ভব চন্দ্র দাসের ভগ্নিপতি শুভ চন্দ্র দাস বলেন, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে তাদের বিয়ে হয়। এর আগে সীমা রানী দাসের অন্যত্র বিয়ে হয়েছিল এবং সেখানে তার এক ছেলে ও এক মেয়ে আছে। বিয়ের পর উদ্ভব তার বাড়িতে এলাকাবাসী বা আশপাশের কাউকে ঢুকতে দিতো না। বাড়িতে স্ত্রী, তার বাবা ও বড় বোনকে নিয়ে থাকতো। 

আটকের পর উদ্ভব পুলিশকে জানায়, রাতে শুয়ে থাকার সময় তার স্ত্রীর সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিলো। এক পর্যায়ে উভয়ের কথা কাটাকাটি শুরু হলে সে স্ত্রীর মাথায় আঘাত করে। পরে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার পর উদ্ভব চন্দ্র দাস ৯৯৯ ফোন করে পুলিশকে জানায়। পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার এবং ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে। গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুকুরপাড় থেকে মরদেহ উদ্ধার
অপরদিকে, শ্রীপুর পৌরসভার উজিলাব সূতাপাড়া এলাকার পুকুরপাড় থেকে সবুজ মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) ভোর ৬টার দিকে পুকুরপাড়ে বাঁশের তৈরি মাচার ওপর যুবকর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। সবুজ মিয়া ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। 

তার স্ত্রী সাবিনা আক্তার জানান, সবুজ মোবাইল ফোনে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। তার মরদেহের পাশে একজোড়া জুতা ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে। তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। 

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাখাল চন্দ্র দেবনাথ বলেন, সুরতহালে নিহত যুবকের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলে থেকে মরদেহের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।