জামালপুরে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার, আটক ৪

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পিএম

জামালপুরের বকশীগঞ্জে হাইওয়ের পাশের ঝোপ থেকে রোজিনা আক্তার (৩০) নামে নিখোঁজ এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে আটক করেছে পুলিশ। রোজিনা আক্তার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর এলাকার ওয়াজেদ আলীর মেয়ে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের পর থেকে রোজিনা নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার ভোরে কামালপুর হাইওয়ের পশ্চিম পাশে একটি ঝোপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে গিয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে স্বজনেরা মরদেহটি রোজিনা আক্তারের বলে শনাক্ত করেন।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এদিকে ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। 

জেএম
আরও পড়ুন