গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। কারখানার হারবাল বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
কারখানার এক শ্রমিক জানান, হারবাল বিভাগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার সব শ্রমিক বাইরে বেরিয়ে আসেন। এ সময় কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার সহায়তায় শ্রমিকেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসীম বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এ ছাড়া আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কি না, সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত বুধবার গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।