গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় লাগা আগুন প্রায় সোয়া ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। কারখানার ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।
শনিবার (১৭ অক্টোবর) এক বার্তায় তালহা বিন জসীম জানান, বিকেল ৪টা ২২ মিনিটে সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ছয়তলা ভবনের নিচতলার স্টোরে আগুন লাগে। খবর পাওয়ার ১২ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিকেল সোয়া ৫টার দিকে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। এর প্রায় ১৫ মিনিট পর গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
এ বিষয়ে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয়ে ফোনে যোগাযোগ করা হলে একজন টেলিফোন অপারেটর ফোন ধরেন। তিনি বলেন, সফিপুর আনসার ক্যাম্পের উল্টো দিকে প্রতিষ্ঠানটির প্রধান কারখানা অবস্থিত। তবে সেখানে আগুন লাগার কোনো খবর তাঁর জানা নেই।
উড়ন্ত গাড়ির ধারণা নিয়ে হাসাহাসির পর, এবার আকাশে উড়লো মাস্কের টেসলা