ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৪ পিএম

রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে তাদের দুজনকে মেট্রোপলিটন আদালতে নেওয়া হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার দুজন হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কোনাবাড়ি গ্রামের বাসিন্দা ওমর আলী ও দিনাজপুরের বিরল উপজেলার মোহনপুর গ্রামের মিথুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক মিলন কুমার চ্যাটার্জি।

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নগরীর পায়রা চত্বরে স্কাই ভিউ হোটেলের একটি কক্ষ থেকে পুলিশ সদস্য ওমর আলী ও মিথুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ডার্বি সিগারেটের প্যাকেটে রাখা ১৯টি ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের পাইপ, ৪টি গ্যাস লাইট ও ২টি ফয়েল পেপার জব্দ করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে মামলা করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক মিলন কুমার চ্যাটার্জি বলেন, দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামি ওমর আলী চাকরি অবস্থায় এর আগেও মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত রয়েছেন। অপর আসামি মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত।

 

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত