গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে গরম বৈদ্যুতিক আয়রন দিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় শিশুটির মা নাসিমা আক্তার বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন।
গ্রেপ্তারকৃত রাব্বি হোসেন মোস্তাকিম (২৪) মিফতাহুল উলুম মাদ্রাসার টঙ্গী শাখার শিক্ষক।
পুলিশ ও শিশুটির স্বজনদের সূত্রে জানা গেছে, শিশুটি ওই মাদ্রাসার নাজেরা বিভাগে পড়াশোনা করত। গত বুধবার (৪ নভেম্বর) রাতে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক মোস্তাকিম তাকে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে গরম বৈদ্যুতিক আয়রন দিয়ে শিশুটির শরীরের পেছনের স্পর্শকাতর স্থানে ছ্যাঁকা দেন বলে অভিযোগ উঠেছে। এতে তার শরীরের কয়েকটি অংশ পুড়ে যায়। ঘটনার বিষয়ে কাউকে না জানাতে শিক্ষক শিশুটিকে ভয়ভীতি দেখান বলেও অভিযোগ রয়েছে।
শিশুটির মা বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে মাদ্রাসার বেতন দিতে গিয়ে ছেলের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। পরে ঘটনা জানাজানি হলে শিক্ষক মোস্তাকিম মাদ্রাসা থেকে পালিয়ে যান। রোববার বিকেলে স্থানীয় লোকজন আপসের কথা বলে কৌশলে তাকে মাদ্রাসায় নিয়ে আসেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
গ্রেপ্তার রাব্বি হোসেন মোস্তাকিম কিশোরগঞ্জের হোসেনপুর থানার আড়াইবাড়িয়া এলাকার কবির হোসেনের ছেলে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় শিশুটির পরিবার থানায় মামলা করেছে। ওই মামলায় শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।