দোহায় ভ্যান্স-রেজায়ি বৈঠকের খবর নাকচ করলো ইরান

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম

কাতারের রাজধানী দোহায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সম্ভাব্য বৈঠকের খবর নাকচ করেছে তেহরান। একই সঙ্গে ৮০০ কোটি ডলারের জব্দ করা সম্পদ ছাড়ের বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দিতে ইরান সম্মত হয়েছে—ইসরায়েলি কয়েকটি সংবাদমাধ্যমের এমন প্রতিবেদনও প্রত্যাখ্যান করেছে দেশটি।

সোমবার (৯ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির (এমএনএ) প্রতিবেদনে এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, আলোচনার বিষয়ে ইরানের নীতি ও পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি। যুক্তরাষ্ট্র ইরানের ঘোষিত সাত শর্তের কাঠামোর মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা বিবেচনা করছে না তেহরান।

এদিকে, জব্দ করা ৮০০ কোটি ডলারের ইরানি সম্পদ ছাড়ের বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে কোনো সমঝোতা বা প্রস্তাব গ্রহণের খবরও অস্বীকার করেছে ইরান। তেহরানের পাওয়া তথ্য অনুযায়ী, এ ধরনের কোনো চুক্তি হয়নি।

ইরানের অবস্থান হলো, আলোচনায় বসার আগে তাদের ঘোষিত সাতটি শর্ত পূরণ করতে হবে। ফলে দোহায় সম্ভাব্য বৈঠক এবং হরমুজ প্রণালি নিয়ে সমঝোতার খবর ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, তা নিয়ে তেহরানের পক্ষ থেকে স্পষ্ট অস্বীকৃতি জানানো হলো।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত