ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ড, ৬৩ শিক্ষার্থী হাসপাতালে

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৬৩ শিক্ষার্থী। তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চার জনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একজনকে দেওয়া হচ্ছে ভেন্টিলেটর সাপোর্ট।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে ফতুল্লার সাইনবোর্ডসংলগ্ন শান্তিধারা এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪৩ মিনিটে আগুন পুরোপুরি নেভানো হয়।

জানা গেছে, রাতে মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগলে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত শিক্ষার্থীদের অনেকে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরে মাদ্রাসার শিক্ষক, স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীদের সহায়তায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (আরএস) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে। একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অন্যদের জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার আহসান হাবীব ও কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তদন্ত শেষ হলে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে। প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।