ফরিদপুরে বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত চালকের মৃত্যু

ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম মো. কালাচাঁদ (৫০)।

কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাস চালাতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কে দাঁড় করানো ছিল। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক। রাত পৌনে ২টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

ফরিদপুর মোটর ওয়ার্কশপ ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী ইবনে ইলিয়াস অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। তাঁর ভাষ্য, বাসে আগুন দেওয়ার সময় চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। ধোঁয়ায় শ্বাসকষ্টে তাঁর মৃত্যু হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। তাঁদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।