ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান নতুন করে পারমাণবিক কর্মসূচি শুরু করার চেষ্টা করলে আগের হামলার তুলনায় প্রায় পাঁচ গুণ বড় সামরিক আঘাত হানার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
সোমবার সি-স্প্যানের ‘ওয়াশিংটন জার্নাল প্রাইমটাইম’ অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ কত দিন চলবে, তা নির্ভর করছে ওয়াশিংটন কীভাবে এগোতে চায় তার ওপর।
ট্রাম্পের ভাষায়, ‘আমরা চাইলে দ্রুতই বিষয়টি শেষ করতে পারি, আবার দীর্ঘ সময় ধরেও অভিযান চালাতে পারি।’
তিনি বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত—এই দেশগুলো ইরানের বিরুদ্ধে আরেকটি বড় সামরিক হামলার পরিবর্তে যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশলকে বেশি পছন্দ করছে। ট্রাম্প নিজেও একই পদ্ধতির পক্ষে বলে জানান।
ইরান প্রকাশ্যে স্বীকার না করলেও দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী বলে দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমি বলতে পারি, ইরান একটি চুক্তি করতে চায়। শেষ পর্যন্ত তা হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।’
ইরান আবারও পিকঅ্যাক্স মাউন্টেনের পারমাণবিক স্থাপনায় কার্যক্রম শুরু করার চেষ্টা করলে সেখানে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে ওই স্থাপনায় নতুন করে পারমাণবিক কার্যক্রম শুরুর কোনো লক্ষণ এখন পর্যন্ত ওয়াশিংটন দেখেনি বলেও জানান তিনি।
ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
তবে ইরান চুক্তিতে আগ্রহী—ট্রাম্পের এই দাবি কিংবা সম্ভাব্য নতুন হামলার বিষয়ে তাঁর হুঁশিয়ারি তেহরানের পক্ষ থেকে কীভাবে বিবেচনা করা হচ্ছে, তা এই বক্তব্যে স্পষ্ট হয়নি।
জেলে যাওয়ার আগে স্ত্রীকে শুভরাত্রির চুমু দিয়ে আসুন: এআই প্রতিষ্ঠান প্রধানকে ট্রাম্পের হুমকি
মানুষ ট্রাম্পের ওপর ক্ষুব্ধ, তিনিই আমাদের ডুবিয়েছেন: মাইকেল লিটল