শ্রমিক বিক্ষোভের মধ্যে ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

তিনি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর ফলে কারখানাগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে দেশের প্রধান রপ্তানি আয়ের খাতেও মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

বিজিএমইএ সভাপতি বলেন, চলমান পরিস্থিতিতে পোশাকশিল্পের উৎপাদন ও স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।