পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ কর্মী বাড়িয়ে ৩০০ করবে ইরান

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ কর্মীর সংখ্যা বাড়িয়ে ৩০০ করার পরিকল্পনা করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটম। বর্তমানে সেখানে ১৮০ জন রুশ কর্মী রয়েছেন। আগামী দিনে এ সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলেক্সেই লিখাচেভ।

শুক্রবার রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেওয়া বক্তব্যে লিখাচেভ বলেন, বুশেহর কেন্দ্রে কর্মীর সংখ্যা বাড়ছে। শিগগিরই তা ৩০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। কাজের অগ্রগতি ধীর হয়ে যাওয়ার মতো কোনো ঝুঁকি তাঁরা আপাতত দেখছেন না।

তিনি বলেন, ‘অঞ্চলের পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। তারপরও আমরা কাজের গতি আগের নির্ধারিত পর্যায়ে ফিরিয়ে নিতে এবং আগামী বছরের মধ্যে পরিকল্পিত কর্মীসংখ্যা নিশ্চিত করতে চাই।’

এর আগে গত ২৮ অক্টোবর লিখাচেভ জানিয়েছিলেন, ইরানে রুশ কর্মীর সংখ্যা ৭০০-তে উন্নীত করার লক্ষ্য রয়েছে রোসাটমের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর নিরাপত্তার কারণে ইরান থেকে সংস্থাটির কয়েক শ কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছিল।

বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে রাশিয়ার। ২০২৫ সালের নভেম্বরে রাশিয়ার চ্যানেল ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে লিখাচেভ জানিয়েছিলেন, কেন্দ্রটির প্রথম ইউনিটের পাশে আরও দুটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণের পরিকল্পনা করছে রোসাটম। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা হবে এক হাজার মেগাওয়াট।

এ ছাড়া ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর ইরান ও রাশিয়া দেশটিতে ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে। মস্কোয় ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি ও লিখাচেভের বৈঠকের পর এ চুক্তি হয়।

এর দুই দিন পর, ২৬ সেপ্টেম্বর, ইরানের হরমোজগান প্রদেশের সিরিকে তৃতীয় প্রজন্মের চারটি উন্নত পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণে ২৫ বিলিয়ন ডলারের একটি বাস্তবায়ন চুক্তিও সই হয়। এতে ইরানের হরমোজ কোম্পানি ও রোসাটমের একটি প্রকল্প কোম্পানি অংশ নেয়।

রোসাটমের কর্মী বাড়ানোর পরিকল্পনা এমন এক সময়ে সামনে এল, যখন আঞ্চলিক উত্তেজনার কারণে ইরানের পারমাণবিক অবকাঠামো ও বিদেশি কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।

এমএজেড
আরও পড়ুন