মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে অগ্নিকাণ্ড

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা ভূঁইয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি এবং চালক না থাকায় চার-পাঁচ দিন ধরে বাসটি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে রাখা ছিল। বাসটির মালিক আবু জাফর স্থানীয় ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা। শনিবার দিবাগত রাতে বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে এলাকাবাসী ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দা ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শামীম জানান, আগুন লাগার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। মসজিদের মাইকে প্রথমে পল্লী বিদ্যুতের খুঁটিতে আগুন লাগার ঘোষণা শুনে সেখানে গিয়ে বাসে আগুন দেখতে পান। পরে এলাকাবাসী মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি জানেন না।

মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন বলেন, রাত ১২টা ১৫ মিনিটের দিকে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে বাসে আগুন লাগার খবর পান তাঁরা। ঘটনাস্থলে গিয়ে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে এ ঘটনায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বাসটির মালিক স্থানীয় বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসে আগুন দেখতে পায়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। চলমান পরিস্থিতিতে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা করা হবে।

তিনি আরও বলেন, জেলাজুড়ে পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।