গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপিতে সাংগঠনিক অসন্তোষ দেখা দিয়েছে। দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে একযোগে ইউনিয়ন বিএনপির ছয় নেতা পদত্যাগ করেছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তারা।
পদত্যাগকারীরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, দীর্ঘদিন ধরে বিএনপির পাটগাতী ইউনিয়ন শাখার বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন তারা। কিন্তু দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সন্তুষ্ট নন। এ কারণে স্বেচ্ছায় দলের পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়, পদত্যাগের মাধ্যমে তারা বিএনপির সব ধরনের সাংগঠনিক ও দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। একই সঙ্গে ভবিষ্যতে বিএনপি কিংবা দলটির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।