ন্যূনতম মজুরি ঘোষণার দ্বিতীয় দিনেও গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর এবং শিল্প পুলিশের এক সদস্যকে অবরুদ্ধ করে রাখে। পরে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরানো হয়। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩০টি কারখানা ছুটি দেওয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে একদল শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। একপর্যায়ে তারা পুলিশের একটি মোটরসাইকেল ও নাওজোরের একটি সিএনজি পাপ্পে ভাঙচুর করে। এতে ওই মহাসড়ক সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
অপরদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর বাজার এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করে শ্রমিকরা। বেলা ১১টার দিকে শ্রমিকদের বিক্ষোভ ও সড়কে অবস্থানের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ, শিল্প পুলিশ, থানা ও হাইওয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পুলিশের ধাওয়ায় শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে চলে যায়। দুপুর ১২টার পর যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এছাড়া নাওজোর, ভোগরা, সালনা এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়। পরে তাদের বল প্রয়োগে ছত্রভঙ্গ করা হয়েছে। বৃহস্পতিবার ৩০টি কারখানা ছুটি দেওয়া হয়েছে। এছাড়া অনির্দিষ্টকালের জন্য ৩২টি কারখানা বন্ধ রয়েছে।