নড়াইলে সুবিধাবঞ্চিত এক পরিবারের জন্য আবাবিল সমাজকল্যাণ সংস্থার টিউবওয়েল স্থাপন

নড়াইলে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আবাবিল সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিশুদ্ধ ও নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সংগঠনের ৭ম টিউবওয়েল স্থাপন কার্যক্রম শুরু হয়েছে।
 
বৃহস্পতিবার (১১ জুন) জেলার ৪ নম্বর মাউলী ইউনিয়নের একটি অসহায় দিনমজুর পরিবারের জন্য টিউবওয়েল প্রকল্পের কাজ সকাল থেকে শুরু হয়।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নড়াইলে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আবাবিক সমাজকক্যাণ সংস্থার উদ্যোগে টিউবওয়েল স্থাপনের প্রাথমিক কাজ সম্পন্ন হওয়ার পর আগামী কয়েক দিনের মধ্যে প্লাস্টারসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ করা হবে। প্রকল্পের সকল কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পূর্ণাঙ্গ ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। উপকারভোগী পরিবারে মোট ৫ জন সদস্য রয়েছে। দীর্ঘদিন ধরে পরিবারটির নিজস্ব কোনো নিরাপদ পানির উৎস ছিল না। ফলে প্রতিদিনের পানির প্রয়োজন মেটাতে তাদের দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ।
জানা যায়, পরিবারের কর্তা একজন দিনমজুর। অন্যের জমিতে শ্রম দিয়ে তিনি কোনোমতে পরিবারের ভরণপোষণ চালিয়ে আসছেন। সীমিত আয়ের কারণে নিজ খরচে একটি টিউবওয়েল স্থাপন করা তাদের পক্ষে সম্ভব হয়নি। বিশুদ্ধ পানির অভাবে পরিবারটি দীর্ঘদিন ধরে নানা দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছিল। এ অবস্থায় পরিবারটি আবাবিল সমাজকল্যাণ সংস্থার কাছে একটি টিউবওয়েল স্থাপনের জন্য আবেদন জানায়। পরিবারের মানবিক পরিস্থিতি বিবেচনা করে সংস্থাটি তাদের জন্য টিউবওয়েল স্থাপনের উদ্যোগ গ্রহণ করে এবং প্রকল্পের কাজ শুরু করে। এদিকে টিউবওয়েলটি পেয়ে সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ওই পরিবারের সদস্যরা।
 
আবাবিল সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক আয়াতুল্লাহ শেখ জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
 
উল্লেখ্য, ‘আবাবিল সমাজকল্যাণ সংস্থা’ নামের সেচ্ছাসেবী সংগঠনটি ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি বৃক্ষরোপণ, অসহায় পরিবারকে টিউবওয়েল স্থাপন, অর্থ দিয়ে পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের বই কিনে দেওয়া, এতিমদের দায়িত্ব নেওয়া, মাদরাসা ও মসজিদে সিমেন্ট প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে।