কোটচাঁদপুরে প্রধান শিক্ষককে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ দীর্ঘ ৩৭ বছরের গৌরবোজ্জ্বল শিক্ষকতা জীবন শেষে অবসরে গেছেন।
 
শনিবার (২০ জুন) এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে তাকে সংবর্ধনা ও রাজকীয় বিদায় জানানো হয়।
 
বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে সিঙ্গীয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বিদ্যালয়ে আনা হয়। পরে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো. গোলাম রসুল শেখ।
সাবেক সভাপতি মো. গোলাম রসুল শেখ বলেন, মো. আব্দুল আজিজ শুধু একজন শিক্ষক নন, তিনি একটি প্রতিষ্ঠান। তার সততা, নিষ্ঠা ও পরিশ্রমে বিদ্যালয়টি এ অঞ্চলে শিক্ষার অন্যতম আলোকবর্তিকায় পরিণত হয়েছে।
 
বিশেষ অতিথি ৪ নম্বর বলুহর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আশরাফ আলী বলেন, একজন আদর্শ শিক্ষকের প্রতিচ্ছবি ছিলেন আব্দুল আজিজ স্যার। তিনি দীর্ঘদিন ধরে হাজারো শিক্ষার্থীকে সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলেছেন।
সভাপতির বক্তব্যে বর্তমান প্রধান শিক্ষক মো. মশিয়ার রহমান বলেন, আব্দুল আজিজ স্যার আমাদের অভিভাবক ছিলেন। তাঁর প্রজ্ঞা, নেতৃত্ব ও আদর্শ আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. শাহাজাহান আলী, বলুহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। এ সময় সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
 
অনুষ্ঠানের শেষ পর্বে ফুলের মালা ও শুভেচ্ছায় সিক্ত করে তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে তুলে দেওয়া হয়। বাদ্যযন্ত্রের সুর ও আনন্দ-অশ্রুর আবহে রাজকীয় আয়োজনে তিনি নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন। পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।