মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোসালপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে সীমান্ত পিলার ৬০/৯৮-আর সংলগ্ন গেট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৯৪ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। এ সময় বিষয়টি খোসালপুর বিওপির টহলদলের নজরে আসে।

টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেন। পরে তিনি ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছেন বলে জানা যায়। বিজিবির তৎপরতায় তাকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা ব্যর্থ হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, বিজিবির টহলদলের তৎপরতায় বিএসএফের পুশ-ইন করার চেষ্টা প্রতিহত করা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত