সাতক্ষীরার কলারোয়ার একটি আইসক্রিম ফ্যাক্টরিতে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার হেলাতলা বাজারের ভাই ভাই আইসক্রিম ফ্যাক্টরিতে নকল ও লেবেলবিহীন আইসক্রিম উৎপাদনের অপরাধে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্ব অভিযানকালে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ' (ক্যাব)-এর নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এদিকে, একই টিম সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজারের আসাদ স্টোর নামের কনফেকশনারিতে লেবেলবিহীন খাদ্যপণ্য এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে আড়াই হাজার টাকা জরিমানা করে।
অভিযানকালে উভয় প্রতিষ্ঠানের জব্দকৃত খাদ্যপণ্য বিনষ্ট করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।